ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চ্যাটজিপিটিকে ব্যক্তিগত

বিষয় জানাচ্ছেন, আপনার সম্পর্কিত তথ্য মুছে ফেলবেন যেভাবে

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক জুন ৮, ২০২৬, ১১:৫৯ এএম বিষয় জানাচ্ছেন, আপনার সম্পর্কিত তথ্য মুছে ফেলবেন যেভাবে

 

চ্যাটজিপিটি এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ। অফিসের কাজ থেকে শুরু করে পড়াশোনা, রান্নার রেসিপি, সম্পর্কের পরামর্শ কিংবা ব্যক্তিগত সমস্যার সমাধান সবকিছুতেই ব্যবহার করা হচ্ছে জনপ্রিয় এই এআই চ্যাটবট। তবে কখনো কি ভেবে দেখেছেন, চ্যাটজিপিটির সঙ্গে আপনি ঠিক কতটা ব্যক্তিগত তথ্য ভাগ করে নিয়েছেন।

 

ই-মেইল ঠিকানা, অবস্থান, পারিবারিক তথ্য কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা কথোপকথনের এক পর্যায়ে অনেকেই এসব তথ্য শেয়ার করে ফেলেন। আর এ কারণেই নিজের গোপনীয়তা নিয়ে সচেতন থাকলে নিয়মিতভাবে চ্যাটজিপিটির প্রাইভেসি সেটিংস পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

 

ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের জন্য ওপেনএআই একটি বিশেষ প্রাইভেসি পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মুছে ফেলা, কাস্টম জিপিটি ডিলিট করা, কনটেন্ট প্রশিক্ষণে ব্যবহার বন্ধ করা এবং আরও বিভিন্ন ধরনের গোপনীয়তা-সংক্রান্ত অনুরোধ করতে পারেন। যদি আপনি জানতে চান চ্যাটজিপিটির কাছে আপনার কী কী তথ্য সংরক্ষিত আছে, তাহলে এখান থেকেই নিজের তথ্য ডাউনলোডের অনুরোধ করতে পারবেন। এতে অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য, কথোপকথনের ইতিহাস এবং আপলোড করা ফাইলের তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। 

 

এছাড়া অন্য কারও পক্ষ থেকেও তথ্য অপসারণের অনুরোধ করা যায়। সে ক্ষেত্রে ওপেনএআইয়ের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে প্রাইভেসি পোর্টালে প্রবেশ করে ‘Make a Privacy Request’ অপশনে ক্লিক করতে হবে। মোবাইল ব্যবহারকারীদের ক্ষেত্রে অপশনটি পেজের নিচের দিকে দেখা যেতে পারে। এরপর পরিচয় যাচাইয়ের ধাপ সম্পন্ন করতে হবে। সাধারণত মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বা সরকার অনুমোদিত পরিচয়পত্রের মাধ্যমে এটি করা হয়। চ্যাটজিপিটিতে বিভিন্ন অপশন পাবেন সেখান থেকে আপনি তথ্য মুছে ফেলতে চান নাকি ব্যবহার বন্ধ করবেন যেটা যান সেটা সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।  

 

 

ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের জন্য ওপেনএআই একটি বিশেষ প্রাইভেসি পোর্টাল চালু করেছে। ছবি: সংগৃহীত

 

অ্যাকাউন্ট পুরোপুরি মুছে না ফেললেও আপনি চাইলে সহজ কিছু সেটিংস পরিবর্তন করে নিজের প্রাইভেসি অনেকটাই নিরাপদ রাখতে পারেন। চ্যাটজিপিটি যাতে আপনার কথোপকথন ভবিষ্যতে মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার না করে, সেই জন্য সেটিংসে থাকা ‘Improve the model for everyone’ অপশনটি বন্ধ করে দিতে পারেন। এটি বন্ধ করলে আপনার নতুন চ্যাটগুলো আর ট্রেনিং ডেটা হিসেবে ব্যবহার হবে না।

 

এছাড়া চ্যাটজিপিটি কিছু তথ্য মনে রেখে ভবিষ্যতে আরও ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারে। যদি আপনি এটি না চান, তাহলে সেটিংসের পারসোনালাইজ অপশন থেকে মেমরি ফিচার বন্ধ করে দিতে পারেন। এতে আপনার আগের কথোপকথনের নির্দিষ্ট তথ্য আর সংরক্ষিত থাকবে না।

 

গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল কোনও বিষয়ে আলোচনা করতে চাইলে ‘টেম্পোরারি চ্যাট’ ফিচার ব্যবহার করা যেতে পারে।  এই ফিচার ব্যবহার করলে সেই চ্যাট সাধারণত সংরক্ষিত হয় না এবং ট্রেনিংয়েও ব্যবহার করা হয় না। তবে কিছু তথ্য নিরাপত্তার কারণে সীমিত সময়ের জন্য রাখা হতে পারে। পুরোনো চ্যাটগুলোও চাইলে নিজে হাতে মুছে ফেলা যায়। প্রতিটি চ্যাটের পাশে থাকা ট্র্যাশ আইকনে ক্লিক করলেই সেটি ডিলিট হয়ে যাবে। সাধারণভাবে ডিলিট করা ডেটা ৩০ দিনের মধ্যে সিস্টেম থেকে পুরোপুরি অপসারণ করা হয়।

 

সব মিলিয়ে, কিছু ছোট সেটিংস পরিবর্তন করেই আপনি চ্যাটজিপিটি ব্যবহার করার সময় নিজের ব্যক্তিগত তথ্য অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতে পারেন।

Side banner