লক্ষ্মীপুর জেলার ৬ নম্বর ভাঙ্গাখাঁ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি মাটির রাস্তা সাম্প্রতিক টানা বৃষ্টিতে কাদা ও পিচ্ছিল হয়ে সম্পূর্ণ যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় কোমলমতি শিক্ষার্থী, সাধারণ পথচারী, চাকরিজীবী এবং অসুস্থ রোগী বহনকারী স্বজনেরা। এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে রাস্তাগুলোতে বালু ফেলে চলাচলের উপযোগী করে তুলেছেন স্থানীয় তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আবদুল হান্নান বাবু।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেরামত না হওয়া এসব মাটির রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি হয়। ফলে দৈনন্দিন কাজে ঘরের বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছিল। বিশেষ করে জরুরি মুহূর্তে হাসপাতালে রোগী নিয়ে যাওয়া কিংবা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতি নজরে আসার পর স্থানীয় তরুণদের সঙ্গে নিয়ে নিজস্ব অর্থায়নে প্রতিটি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ রাস্তায় বালু ও মাটি ফেলে তাৎক্ষণিক চলাচলের উপযোগী করে তোলেন ইঞ্জিনিয়ার হান্নান বাবু।
উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আবদুল হান্নান বাবু ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভাঙ্গাখাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী।
তার এই মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের এলাকাবাসী। স্থানীয়দের মতে, দুর্যোগপূর্ণ মুহূর্তে জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের অন্যান্য সচেতন ও বিত্তবান ব্যক্তিদেরও এভাবে মানুষের সেবায় এগিয়ে আসা উচিত।
নিজের এই উদ্যোগ সম্পর্কে ইঞ্জিনিয়ার আবদুল হান্নান বাবু বলেন, "আমার এলাকার মানুষের ভোগান্তি ও কষ্টের চিত্র দেখে আমি চুপ করে বসে থাকতে পারিনি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাঁদের সেবা করাকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। মানুষের ভালোবাসা ও সমর্থন সঙ্গে নিয়ে ভবিষ্যতেও এলাকার যেকোনো উন্নয়নমূলক ও সামাজিক কাজে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।"




























আপনার মতামত লিখুন :