স্বল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজি রোডের মিঝি বাড়ি এলাকা। ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টির পানিও বের হতে না পারায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই শতাধিক বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এ সমস্যা চলে আসলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টির সময় বাড়ির প্রবেশপথ, গলি ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া দীর্ঘ সময় পানি জমে থাকায় মশার উপদ্রব বৃদ্ধি এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশা, কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।




















আপনার মতামত লিখুন :