উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স (ফলিত গণিত) বিভাগের ১৬তম আবর্তনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ‘জিরো জংশন’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান এবং ব্যবসায়ী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যেখানেই যাবে, বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। আমাদের নতুন ওবিই (OBE) কারিকুলামের ভিশনই এটি।”
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, “তোমরা নতুন জীবনে পদার্পণ করছো, তোমাদের জন্য শুভকামনা। আমাদের স্বপ্ন দেখতে হবে বড়। শুধু দেশের ভেতর নয়, বিশ্বজুড়ে কাজের স্বপ্ন দেখতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “যেখানেই যাও, একা না গিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে যাবে। সবাই মিলে একসাথে ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।”
বিদায়ী ব্যাচের এক আবেগপ্লুত শিক্ষার্থী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “আমি আজকে বিদায় বলবো না, বিদায় মানে শেষ হয়ে যাওয়া। সমীকরণটা শেষ হয়নি, আরো অনেক ক্যালকুলেশন বাকি।”
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।








































আপনার মতামত লিখুন :