লক্ষ্মীপুরের কমলনগরে জিয়াউর রহমান (৪৪) নামে খাদ্য অফিসের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিয়াউর রহমান ওই এলাকার মৃত মাহমুদুল্লাহ মাস্টারের ছেলে। তিনি চট্টগ্রামের একটি খাদ্য অফিসে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ছুটি নিয়ে চট্টগ্রামের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি কমলনগরে আসেন জিয়াউর রহমান। শুক্রবার গভীর রাত পর্যন্ত স্থানীয় করুনানগর বাজারে সহপাঠীদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ হাঁটাচলা করার পর ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে আসেন। পুলিশকে খবর দেওয়ার পর তাদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়। এ সময় ঘরের আড়ার সঙ্গে জিয়াউর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দিলিপ চন্দ্র দাস জানান, জিয়াউর রহমান চট্টগ্রামের একটি খাদ্য অফিসে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে কর্মস্থলে এক সহকর্মীর সঙ্গে তার ঝামেলা হয়। পরে ওই সহকর্মী আত্মহত্যা করে মারা গেলে জিয়াউর রহমান ওই মামলার আসামি হন। এ ঘটনায় গত কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।








































আপনার মতামত লিখুন :