ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নোবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ‘নবীন বরণ’ অনুষ্ঠিত

ভোরের মালঞ্চ | আফরাজ মাহমুদ তাহরাত সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৪:৩৪ পিএম নোবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ‘নবীন বরণ’ অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় ‘নবীন বরণ প্রোগ্রাম’ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান ও মো. আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।


প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ নবীনদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের কাজের মধ্য দিয়ে যেন সমাজের সমস্যার সমাধান হয়। নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কাজ করে যাবে—এটাই তোমাদের কাছে প্রত্যাশা।” জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।

 

বিজ্ঞান অনুষদের ডিন বলেন, “আমাদের কেবল সার্টিফিকেটনির্ভর না হয়ে দক্ষ (স্কিলড) মানুষ হতে হবে। আমি আশা করব, নবীন শিক্ষার্থীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলবে এবং দেশের জন্য অবদান রাখবে।”

 

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরেন এবং সফলভাবে সেগুলোতে অংশগ্রহণের আহ্বান জানান।

 

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী শিক্ষার্থীদের আবাসন সংকট, শিক্ষক সংকট এবং একাডেমিক বিল্ডিং-৩ নির্মাণের মতো সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “শুধু ভালো ফলাফলেই আটকে না থেকে নিজেদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত করবে। আমাদের প্রায় ৫২টি ক্লাব রয়েছে, যার মাধ্যমে তোমরা নিজেদের সমৃদ্ধ করতে পারবে।” এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে নিজেদের দক্ষ করে তুলতে ইউটিউবসহ বিভিন্ন রিসোর্স ব্যবহার করে সবাইকে এআই শেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

 

আমন্ত্রিত অতিথিদের আলোচনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

Side banner

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর