লক্ষ্মীপুর জেলাসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের জন্য উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ভারতের খ্যাতনামা বাতরা হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টার এবং বাংলাদেশের সেইফ হসপিটালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় (B2B) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, বিকেল ৩টায় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাতরা হসপিটালের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সেইফ হসপিটাল, লক্ষ্মীপুর-এর ব্যবস্থাপনা পরিচালক মেহেরুল হাসান রাজু এবং ভারতের বাতরা হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালটির মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. আমিয়া ভার্মা।
জানা গেছে, এই অংশীদারিত্বের ফলে এখন থেকে লক্ষ্মীপুর ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের রোগীরা নিজ এলাকা থেকেই অনলাইনে বাতরা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, যেসব রোগীর জটিল বা বিশেষায়িত চিকিৎসার জন্য সরাসরি ভারতে যাওয়ার প্রয়োজন হবে, তাঁরা সেইফ হসপিটালের সার্বিক সহযোগিতায় নয়াদিল্লির বাতরা হসপিটালে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
উভয় পক্ষের সমঝোতা অনুযায়ী, চুক্তির আওতাভুক্ত সব কার্যক্রম বাংলাদেশ ও ভারতের প্রচলিত আইন, বিধিমালা এবং সরকারি নীতিমালা অনুসরণ করে পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, চিকিৎসাসেবা খাতের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এই আস্থার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারত্বের জন্য বাতরা হসপিটাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সেইফ হসপিটাল কর্তৃপক্ষ।







































আপনার মতামত লিখুন :