ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
এমপি নুসরাতের বাড়িতে

পেট্রোল বোমার প্রমাণ মেলেনি, শর্টসার্কিট থেকে আগুনের সম্ভাবনা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক নভেম্বর ১২, ২০২৬, ০৬:১১ পিএম পেট্রোল বোমার প্রমাণ মেলেনি, শর্টসার্কিট থেকে আগুনের সম্ভাবনা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে পেট্রোল বোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

তিনি জানান, পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে আগুনের কারণ সম্পর্কে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলেও জানান তিনি। তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন মন্ত্রী।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের প্রশ্নে স্পিকারের দৃষ্টি আকর্ষণের পর তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। জায়গাটি সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে। ওই ঘর থেকে প্রায় ২০ মিটার দূরের একটি তিনতলা বাড়িতে সংসদ সদস্যের বাবা-মা থাকেন।

 

তিনি আরও বলেন, আগুন লাগা ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে জুতা তৈরির কিছু উপকরণ, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।

 

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সকালে নিজে কথা বলে পুলিশ সুপারকেও সেখানে পাঠিয়েছেন। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থলে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বিজিবির প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলামত পর্যালোচনা এবং স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনায় পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়ার তথ্য মেলেনি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীর কাছ থেকেও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য পাওয়া যায়নি।

 

ঘটনাস্থলের ছবি, অডিও-ভিডিওসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে স্বরাষ্টমন্ত্রী বলেন, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক সংযোগে দুর্বলতা ছিল বলে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।

 

তবে এ ধারণা অনুমাননির্ভর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তদন্তসাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে। তবে এখানে কেউ যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করে থাকে, সেটা অধিকতর তদন্তের মাধ্যমে যদি প্রকাশ পায়, আমরা সেভাবে ব্যবস্থা নেবো।’

 

আগুন লেগেছে, নাকি কেউ লাগিয়েছে—তা জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, বেসামরিক প্রশাসন ও পুলিশকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

তিনি আরও জানান, এ ঘটনায় ১২ নভেম্বর ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত আর কোনো বক্তব্য দিতে চান না বলে জানান তিনি।

Side banner

জাতীয় বিভাগের আরো খবর