ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার নভেম্বর ৮, ২০২৬, ০৯:৫৩ পিএম লক্ষ্মীপুরে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানাধীন ভাটরা ইউনিয়নের বাউরাখাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মানিক হোসেন জুয়েল (২৮) গ্রেফতার হন। তিনি বাউরাখাড়া পাঠোয়ারী বাড়ির মৃত শফিকুল ইসলামের ছেলে।

 

পরবর্তীতে গ্রেফতারকৃত জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর চাটখিল বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য অন্তু চন্দ্র শীল (২৩) গ্রেফতার করা হয়। তিনি রামগঞ্জের ভাটরা ইউনিয়নের বাউরাখাড়া শীল বাড়ির মৃত বিমল চন্দ্র শীলের ছেলে।

 

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর চাটখিল বাজার এলাকা থেকে একটি টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসি মোটরসাইকেল এবং রামগঞ্জের বাউরাখাড়া এলাকায় অন্তু চন্দ্র শীলের বাড়ি থেকে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

অভিযান শেষে গ্রেফতারকৃত দুই আসামি ও উদ্ধার করা মোটরসাইকেলগুলো জেলা গোয়েন্দা শাখার হেফাজতে নেওয়া হয়েছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Side banner