অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির মানবপাচার ইউনিট (টিএইচবি) বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাররা হলেন— মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানোরিয়া গ্রামের মো. আমির হোসেন স্বপন (৩৮)।
সিআইডি জানায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যু হয়। পরে সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তে সিআইডি জানতে পারে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে বিপুল অর্থ নেয়। পরে তাদের অবৈধভাবে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়।
সিআইডি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা নিহত রাসেল শেখ (১৯)-এর পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ, পাচারকারী চক্রের অন্য সদস্যদের কাছে টাকা পৌঁছে দেওয়া এবং তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এর আগে গুরুদাস বারই (৪৫) ও মো. মোতলেব মাতব্বর (৬৮) নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, মামলার তদন্তে গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে জড়িত অন্য সদস্য, পলাতক আসামি এবং দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে নাগরিকদের সতর্ক করেছে সিআইডি। ভিসার নামে প্রতারণা, মানবপাচার বা অবৈধ অভিবাসনের সঙ্গে কেউ জড়িত থাকার সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।




































-20260913062356.jpg)



আপনার মতামত লিখুন :