চীনের কড়া আপত্তি এবং রাশিয়াকে কেন্দ্র করে তীব্র ভূ-রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে কোনো প্রকার যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে আয়োজিত শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর অর্থমন্ত্রীদের দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের বৈঠক।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের অ্যাশভিলে অনুষ্ঠিত এ বৈঠকে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিশদ আলোচনা করেন। তবে বৈঠক শেষে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা এবং হরমুজ প্রণালিতে নিরাপদ বাণিজ্যিক নৌ চলাচল বজায় রাখার বিষয়ে যৌথ বিবৃতির খসড়া উত্থাপন করা হলেও তাতে সমর্থন দিতে সরাসরি অস্বীকৃতি জানায় চীন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানিয়েছে, মূলত চারটি মৌলিক বিষয়ে চীনের আপত্তি থাকায় এবার যৌথ ঘোষণা প্রকাশ করা সম্ভব হয়নি। বিষয়গুলো হলো—হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা, চলমান বৈশ্বিক যুদ্ধ-সংঘাতের প্রভাব, আন্তর্জাতিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং সার্বভৌম ঋণ পুনর্গঠন প্রক্রিয়া।
এদিকে সম্মেলনের মঞ্চে রাশিয়াকে ঘিরেও পশ্চিমা ও অন্য দেশগুলোর মধ্যে প্রকাশ্য বিভাজন ফুটে ওঠে। রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভের সক্রিয় উপস্থিতি নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার প্রতিনিধিরা। এর জেরে সম্মেলনের ঐতিহ্যবাহী আনুষ্ঠানিক ‘ফ্যামিলি ফটো’ বা যৌথ ছবি থেকেও বাদ দেওয়া হয় রুশ প্রতিনিধিকে।
অর্থমন্ত্রীদের এই অমীমাংসিত বৈঠকের পর বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ নেতাদের মূল শীর্ষ সম্মেলন।








































আপনার মতামত লিখুন :