ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

গোলশূন্য ড্রয়ে নকআউটে অস্ট্রেলিয়া, আশা টিকিয়ে রাখলো প্যারাগুয়ে

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক জুন ২৬, ২০২৬, ০৩:০৪ পিএম গোলশূন্য ড্রয়ে নকআউটে অস্ট্রেলিয়া, আশা টিকিয়ে রাখলো প্যারাগুয়ে

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ এর ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে গোলশূন্য ড্র করলেও লাভ হয়েছে দুদলেরই। চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

 

শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় লা আলবিরোজাদের মুখোমুখি হয় সকারুজরা। 

 

ম্যাচে শুরু থেকে নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিলেন আরভিন। তবে তার জোরালো শট দুর্দান্তভাবে কর্নারের বিনিময়ে রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। প্রথমার্ধে বস, ভলপাতো ও ও'নিলের দারুণ সমন্বয় থাকলেও স্ট্রাইকার নেস্টোরি ইরানকুন্ডাকে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করে দিতে পারেননি তারা।

 

বিরতির পর, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো পরিবর্তন এনে মাইদানার বদলে মাউরিসিওকে মাঠে নামান। এতে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে তারা, তবে বেশিরভাগ সময়ই অস্ট্রেলিয়ার হাতেই ছিল ম্যাচের নিয়ন্ত্রণ।

 

শেষ পর্যন্ত, তেমন বড় কোনো বিপদের মুখে না পড়েই প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নেয় সকারুজরা। এর মধ্য দিয়ে সাতটি বিশ্বকাপ অংশগ্রহণের মধ্যে তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠল তারা।

 

এদিকে, গ্রুপের আরেক ম্যাচে তুরস্কর কাছে ৩-২ গোলে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউটে ওঠার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে প্যারাগুয়ে। আর প্রথম দুই ম্যাচ হারায়, শেষ ম্যাচে জয় নিয়েও বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে তুরস্কের। 

Side banner