ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

এবার শিরোপার বড় দাবিদার কে, জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক জুন ২৯, ২০২৬, ১১:১৫ এএম এবার শিরোপার বড় দাবিদার কে, জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই শিরোপার সম্ভাব্য দাবিদারদের নাম জানিয়ে দিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তবে নিজের দেশ ব্রাজিলকেও শিরোপা দৌড় থেকে বাদ দিতে নারাজ তিনি।

 

জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলছে। তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আর জার্মানি সব সময়ই বিপজ্জনক। এই চার দলই ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।’

 

রোনালদোর মতে, ব্রাজিলের শিরোপা স্বপ্ন অনেকটাই নির্ভর করছে নেইমারের ওপর। দীর্ঘ ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করার পর স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি।

 

ব্রাজিল কিংবদন্তি বলেন, ‘নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তার মতো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য বর্তমান দলে আর কারো নেই। সে এখন ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছে। আমি বিশ্বাস করি, নকআউট পর্বে সে সমালোচকদের জবাব দেবে।’

 

২০০২ বিশ্বকাপে চোট কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানো রোনালদো নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন।

 

তিনি বলেন, ‘আমি জানি ইনজুরি থেকে ফিরে বড় মঞ্চে খেলাটা কতটা কঠিন। তাই নেইমারের জন্য আমি রোমাঞ্চিত। তার আর কিছু প্রমাণ করার নেই, তবে সে যদি নিজের সেরাটা খেলতে পারে, তাহলে সবাইকে ভুল প্রমাণ করবে।’

 

যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন। তবে রোনালদোর বিশ্বাস, ভিনিসিয়ুসের ফর্মের পাশাপাশি নেইমারের অভিজ্ঞতা যোগ হলে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন আরো শক্তিশালী হবে।

Side banner