ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

বিয়ে নিয়ে অশান্তি, ভাড়া বাসায় মিলল কলেজছাত্রীর মরদেহ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক আগস্ট ২৯, ২০২৬, ১০:৩৪ এএম বিয়ে নিয়ে অশান্তি, ভাড়া বাসায় মিলল কলেজছাত্রীর মরদেহ

জামালপুর শহরের একটি বাসা থেকে ইসরাত জাহান রিমা (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

 

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কাচাড়িপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ইসরাত জাহান রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার মো. রশিদুজ্জামান মন্ডলের মেয়ে।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে মাদারগঞ্জের চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে গোপনে রিমার বিয়ে হয়। বিষয়টি পরে শুভর পরিবারের সদস্যরা জানতে পারলেও তারা এ বিয়ে মেনে নেয়নি বলে দাবি পরিবারের। একপর্যায়ে শুভকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। তবে এরপরও রিমার সঙ্গে শুভর যোগাযোগ ও একসঙ্গে থাকার বিষয়টি অব্যাহত ছিল বলে জানিয়েছে রিমার পরিবার।

 

পরিবারের দাবি, পরবর্তীতে শুভকে জোর করে কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তিনি আবার দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরও তিনি রিমার সঙ্গে থাকতেন বলে পরিবারের সদস্যরা জানান।

 

রিমার পরিবারের সদস্যদের অভিযোগ, গত সপ্তাহেও শুভ ও রিমা একসঙ্গে ছিলেন। তবে কয়েকদিন ধরে পরিবারের সদস্যরা রিমার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে শুক্রবার রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পান তারা।

 

পরিবারের ধারণা, রিমাকে ছেড়ে দেওয়ার জন্য শুভর পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে। এ কারণে মানসিক কষ্ট থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি পরিবারের।

 

জামালপুর সদর থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ বলেন, ‘৯৯৯-এর খবর পেয়ে দক্ষিণ কাচারীপাড়ার স্বপ্নপুরী এলাকার একটি বাসা থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Side banner