পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন দেশের সাবেক ২১ ক্রিকেট অধিনায়ক। তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেওয়া এক চিঠিতে বলা হয়, গত সপ্তাহে ইমরান খানকে হাসপাতালে মাত্র কয়েক ঘণ্টা রাখা হয়েছিল এবং রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া মেডিকেল বোর্ডের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
একইসঙ্গে সাবেক অধিনায়করা তিনটি দাবি জানিয়েছেন। সেগুলো হলো- প্রথমত, দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনায় একটি মেডিকেল বোর্ড গঠন করে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এমনকি ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদেরও রাখতে হবে। এছাড়াও তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরটি গুরুত্ব দিয়ে পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।
দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের পরিবারের সদস্যদের যেন প্রতি সপ্তাহে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। এতে কোনো ধরনের বাধা বা প্রশাসনিক জটিলতা সৃষ্টি না করা হয়।
তৃতীয়ত, মেডিকেল বোর্ড যে চিকিৎসার সুপারিশ করবে, তা যেন বিলম্ব না করে দেওয়া হয়।
সাবেক অজি অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে লেখা চিঠিতে বলা হয়, ইমরান খানের বয়স ৭৩ বছর এবং তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, ইমরান খানের মামলাকে ঘিরে আইনি ও রাজনৈতিক নানা বিতর্ক থাকতেই পারে। তবে আদালতের নির্দেশে যে চিকিৎসা প্রক্রিয়া নিশ্চিত করার কথা, সেটি বাস্তবায়ন করা কোনো বিতর্কিত দাবি নয়। এটি ন্যূনতম মানবিকতার বিষয়।
এর আগে, গত ফেব্রুয়ারিতে ইমরানের জন্য মানবিক আচরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়ে একটি আবেদন করেছিলেন সাবেক অধিনায়কদের ১৪ জন।
প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে ইমরান খানকে কারাগারে পাঠানো হয়। পরে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগসহ শতাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

-6a8c08d084025-20260824100020.webp)






































আপনার মতামত লিখুন :