দীর্ঘ আট মাস পর প্রকাশ করা হলো যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি। জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি প্রকাশ হলো। খবর আল-জাজিরার।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে তিনি ছবিগুলো প্রকাশ করেন।
মাদুরো বলেন, তার নাতি-নাতনি, ছেলে-মেয়ে এবং তাদের ভালোবাসেন এমন মানুষদের জন্য ছবিগুলো ছোট একটি উপহার।
তিনি আরও বলেন, তারা শক্ত ও শান্ত আছেন এবং ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।
ছবিতে ধূসর ট্র্যাকস্যুট ও স্নিকার্স পরে হাসিমুখে ভিক্টরি সাইন দেখাচ্ছেন তিনি। তাকে আটকের পর থেকে তার ওজনও অনেক কমেছে বলে মনে হচ্ছে।
ছবিগুলো রোববার প্রকাশ করা হলেও ছবির তথ্য অনুযায়ী, এগুলো ২৫ জুন তোলা হয়েছিল। এর এক দিন আগে উত্তর ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্পে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ছবিগুলো আসল কি না এবং অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে কি না, তা জানতে এএফপি আটককেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তবে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।
মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে তেলক্ষেত্র পরিচালনার সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পর ছবিগুলো প্রকাশ করা হয়।
উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে নজিরবিহীন এক সামরিক অভিযান চালিয়ে কারাকাসের নিজ বাসভবন থেকে আটক করা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে।








































আপনার মতামত লিখুন :