ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু

ভোরের মালঞ্চ | আনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৮:৩৭ পিএম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এরইমধ্যে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে চলছে অভিযান।

 

এ ঘটনায় গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বনানী থানায় হত্যা মামলা করেছে নিহতের পরিবার।

 

মামলার এজাহারে বলা হয়েছে, জমি বিক্রির নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন ইসমাইল হোসেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

 

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ইসমাইলকে। পুলিশের প্রাথমিক ধারণা, টাকার জন্যই ইসমাইলকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর ফেলে যেতে পারে দুর্বৃত্তরা।

 

এর আগে, শুক্রবার সকাল বনানী এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে ইসমাইলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মুখে লাগানো ছিল স্কচটেপ। পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ছিল।

 

নিহত ইসমাইলের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামে। গাজীপুরের কাশিমপুর করলাপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

 

 

Side banner