প্রিমিয়ার লিগে কঠিন পরীক্ষায় উতরে গেল আর্সেনাল। অ্যাস্টন ভিলার বিপক্ষে আক্রমণভাগে নিজেদের সেরা ছন্দে না থাকলেও বুকায়ো সাকার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে মিকেল আর্তেতার দল। এই জয়ে মৌসুমে টানা দুই লিগ জয় পেল গানাররা।
ভিলা পার্কে, ম্যাচের শুরু থেকেই, বল দখলে আধিপত্য ছিল আর্সেনালের। মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করলেও অ্যাস্টন ভিলার রক্ষণ ভাঙতে পারছিল না তারা। ফলে প্রথমার্ধে তেমন কোনো পরিষ্কার গোলের সুযোগও তৈরি করতে পারেনি গানাররা।
প্রথম ৪৫ মিনিটে দুই দলের কেউই লক্ষ্যে শট নিতে পারেনি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় ম্যাচ।
বিরতির পর আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। অবশেষে ৫৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাঁ প্রান্ত থেকে রিকার্দো কালাফিওরি'র বাড়ানো পাস পেয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মধ্যেই স্লাইড করে বল জালে জড়িয়ে দেন সাকা। তার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় আর্সেনাল।
এরপর সমতায় ফেরার জন্য আক্রমণ বাড়ায় অ্যাস্টন ভিলা। তবে আর্সেনালের রক্ষণভাগ দৃঢ় থাকায় শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে সাকার একমাত্র গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।
মৌসুমে টানা দুই লিগ জয়ে আর্সেনালের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।








































আপনার মতামত লিখুন :