অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের মূল মঞ্চ নিশ্চিতের মিশনে আজ মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
আসরে 'বি' গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ সিরিয়া ও ভারত। তবে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই লাল-সবুজদের। ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা হেড কোচ জেরার্ড জোন্সের। দীর্ঘদিন ধরে চলা ক্যাম্পে দলের ভ্রাতৃত্ব বড় প্রাপ্তি যুবাদের।
পাশাপাশি অ্যাডাম আব্বাস ও মাহি খানদের উপস্থিতি দলে কাজ করছে বাড়তি অনুপ্রেরণা হিসেবে। তবে দেশ ছাড়ার আগে হেড কোচ জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর দ্বন্দ্ব হয় খবরের শিরোনাম। অবশ্য সব ছাপিয়ে মাঠের পারফরম্যান্সে সবটুকু আলো ছড়াতে মরিয়া বাংলাদেশের যুবারা।
এবারের এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্ব আটটি দেশে ১১টি গ্রুপে মোট ৪২টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ দল আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার টিকিট পাবে। এই লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ, দলে এবার যুক্ত হয়েছেন পাঁচজন প্রবাসী ফুটবলার।








































আপনার মতামত লিখুন :