নারী এশিয়া কাপে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার দল। টাইগ্রেসদের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়ার ইনিংস।
টস হেরে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৬ রানেই সুরাইয়া ফেরদৌসের উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর ইনিংস সামাল দেন দিলারা ও সোবহানা। দু'জন মিলে গড়েন ৪০ রানের জুটি। তবে দিলারা ২৭ রান করে ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি অধিনায়ক নিগার সুলতানাও। সোফিয়ার বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহের আশা কিছুটা ফিকে হয়ে আসে বাংলাদেশের।
শেষ দিকে ব্যাটারদের দ্রুত আসা-যাওয়ার মধ্যেও ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ১৮ বলে ৩১ রানের কার্যকর ক্যামিও ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে শুরু থেকেই ইন্দোনেশিয়ার ব্যাটারদের ওপর চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যায় ইন্দোনেশিয়া।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মাত্র ১৫ রান খরচ করে তিনটি উইকেট নেন তিনি। মারুফা আক্তার শিকার করেন দুটি উইকেট।
শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়ার ইনিংস। ফলে ৭১ রানের বড় জয় দিয়ে নারী এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ।








































আপনার মতামত লিখুন :