ডোপ টেস্টে শরীরে মাদকের উপস্থিতি পাওয়ায় পুলিশের এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আ ফ ম নিজাম উদ্দিন নামে পুলিশের ওই কর্মকর্তা পুলিশ সুপার (টিআর) রেঞ্জ ডিআইজি'র কার্যালয় রংপুরে সংযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আ ফ ম নিজাম উদ্দিন, পিপিএম-বার পুলিশ সুপার (টিআর), পুলিশ অধিদফতর, ঢাকা বর্তমানে রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, রংপুর-এ সংযুক্ত আছেন। বর্ণিত কর্মকর্তা মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য চলতি বছরের গত ৮ জানুয়ারি পুলিশ অধিদফতর ঢাকা হতে প্রস্থান গ্রহণ করেন।
বলা হয়, উক্ত কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ, ঢাকায় প্রেরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের প্রেক্ষিতে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে বর্ণিত কর্মকর্তার ডোপ টেস্ট শেষে Urine Benzo Diazepines (BZO) Amphetamine/ methamphetamine Positive' পাওয়া যায়, যা উক্ত ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুসারে 'অসদাচরণ' এর শাস্তিযোগ্য অপরাধে একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী বিগত ৩১ আগস্ট হতে তাঁকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন সেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী জনাব আ ফ ম নিজাম উদ্দিন, পিপিএম-বার (বিপি-৭৮০৮১২১৫৮৮)-কে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।






































আপনার মতামত লিখুন :