২০২৬ ফিফা বিশ্বকাপের আগে বড় স্বস্তির খবর পেল স্পেন। দলটির তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল সম্পূর্ণ ফিট অবস্থায় রয়েছেন এবং বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন।
এর আগে, বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের শেষ দিকে গুরুতর ইনজুরিতে পড়েছিলেন ইয়ামাল। এতে তার বিশ্বকাপ অভিষেক নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠেছেন তিনি।
এদিকে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লা ফুয়েন্তে বলেন, ভালো খবর হলো লামিন ইয়ামাল পুরোপুরি ফিট। আমরা তাকে যে অবস্থায় চাই, সে ঠিক সেই অবস্থাতেই আছে। সে ভালো আছে, ঠিক নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিয়োজের মতোই। সবাই খেলতে প্রস্তুত, তবে কেউ পুরো ৯০ মিনিট নাও খেলতে পারে।
তবে কোচিং স্টাফ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইয়ামালকে পুরো ম্যাচ খেলানোর পরিকল্পনা নেই। তাকে ধাপে ধাপে মাঠে নামানো হবে, যাতে টুর্নামেন্টের পরের পর্বে তিনি সম্পূর্ণ ফিট থাকেন।
লা ফুয়েন্তে আরও বলেন, ডাক্তাররা বলছেন, লামিন কোনো সমস্যা ছাড়াই খেলতে পারে, তবে ৯০ মিনিট নয়, কিছু সময় খেলবে।
অন্যদিকে, দলে আরেক আলোচনার বিষয় হয়ে উঠেছেন ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। তার সম্ভাব্য রিয়াল মাদ্রিদে ট্রান্সফার নিয়ে গুঞ্জন থাকলেও কোচ জানিয়েছেন, এসব ক্লাব-সংক্রান্ত বিষয় জাতীয় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলছে না।
এখন বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী সূচনা করার লক্ষ্য নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে লা রোজারা।




















আপনার মতামত লিখুন :