ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বুরকিনা ফাসোকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক অক্টোবর ৪, ২০২৬, ১১:০৩ এএম বুরকিনা ফাসোকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

প্রথমার্ধের বাঁশি বাজার আগেই বুরকিনা ফাসোর জালে রীতিমতো গোলের বন্যা বইয়ে দিল আর্জেন্টিনা। প্রতিপক্ষের রক্ষণ গুঁড়িয়ে দিয়ে ৭-০ গোলের দাপুটে এক জয় তুলে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৭ ম্যাচের ১৬টিতেই জয় পেল লিওনেল স্কালোনির শিষ্যরা।

 

রোববার (৪ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুদল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬০ ধাপের বড় ব্যবধান মাঠেও স্পষ্ট ফুটে ওঠে। শুরু থেকেই একক আধিপত্য বজায় রেখে খেলতে থাকে আলবিসেলেস্তেরা।

 

 

ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। বক্সের ভেতরে আগুস্তিন জিয়েকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বুরকিনা ফাসোর মুমুনি দিয়ালো। লাউতারোর প্রথম স্পট-কিক গোলরক্ষক আবদুল গুইরা ফিরিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

 

 

এর চার মিনিট পরই মারাত্মক ভুল করে বসেন দিয়ালো; প্রতিপক্ষের শট ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই ঢুকিয়ে দেন তিনি (আত্মঘাতী)। ম্যাচের অষ্টম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। লাউতারোর নিখুঁত পাস থেকে দারুণ প্লেসমেন্টে গোলটি করেন এই তরুণ।

 

 

 

মাত্র আট মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বুরকিনা ফাসো। ৭৫ শতাংশেরও বেশি সময় বলের নিয়ন্ত্রণ রেখে প্রতিপক্ষকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে আর্জেন্টিনা। ৩৫তম মিনিটে নিকো পাজ ডান প্রান্ত থেকে নিচু শটে দলের চতুর্থ গোলটি করেন। বিরতির ঠিক আগে প্রেস্তিয়ানির পাস থেকে পঞ্চম গোলটি এনে দেন হুলিয়ান আলভারেজ।

 

 

বিরতির পর দলের তারকা খেলোয়াড়দের তুলে নিয়ে বেঞ্চের পরীক্ষা নেন স্কালোনি। বিপরীতে ব্যবধান কমানোর আশায় একাধিক পরিবর্তন আনেন বুরকিনা ফাসোর কোচ আমির আবদু।

 

তাতেও অবশ্য গোলের ক্ষুধা কমেনি স্বাগতিকদের। ৫৭তম মিনিটে চমৎকার দলীয় আক্রমণ থেকে ফ্রাঙ্কো মাস্তানতোনো জোরালো শটে করেন ষষ্ঠ গোল। ম্যাচের যোগ করা সময়ে হেডে বুরকিনা ফাসোর জালে শেষ পেরেকটি ঠোকেন হুলিয়ানো সিমেওনে।

 

 

শেষ দুই ম্যাচে আলবিসেলেস্তেদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। অন্যদিকে নিজেদের শেষ সাত পরাজয়ের ছয়টিতেই কোনো গোলের দেখা না পেয়ে মাঠ ছাড়তে হলো আফ্রিকান দেশ বুরকিনা ফাসোকে।

 

 

Side banner