আন্তর্জাতিক ক্রিকেটের একঝাঁক সর্বকালের সেরা কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে এক স্মরণীয় মিলনমেলার আয়োজন করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনি। সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানোর তহবিল সংগ্রহের লক্ষ্যে কেপটাউনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস, শন পোলক, মার্ক বাউচার এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির মতো মহাতারকারা।
শনিবার (৩ অক্টোবর) মহতী এই উদ্যোগ ও সাবেক সতীর্থ-প্রতিদ্বন্দ্বীদের একসঙ্গে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা দেন অস্ট্রেলিয়ান গতি তারকা ব্রেট লি।
তিনি লেখেন, ‘কী দারুণ এক লাইন-আপ! খেলার ইতিহাসের কিছু অনন্য কিংবদন্তির সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ রোজ রোজ আসে না— আমাদের মাঝে কত যে রান, উইকেট আর কত শত গল্পের স্মৃতি জমা হয়ে আছে! এমন চমৎকার একটি দিন উপহার দেওয়া এবং সবচেয়ে বড় কথা, যাদের সত্যিই সাহায্য প্রয়োজন তাদের জন্য তহবিল সংগ্রহের মহৎ উদ্যোগ নেওয়ায় জেপির জন্য বিশাল সাধুবাদ। ক্রিকেটের দারুণ কিছু মানুষ, মহৎ একটি উদ্দেশ্য এবং অসাধারণ একটি দিন।’
উল্লেখ্য, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার সুবিধাবঞ্চিত জনপদ ও স্কুলপড়ুয়া শিশুদের ক্রিকেটের মূলধারায় যুক্ত করতে ‘জেপি২১ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনি। গ্যাং সহিংসতা ও মাদকের প্রভাব কাটিয়ে শিশুদের খেলাধুলার ইতিবাচক পরিবেশে যুক্ত করাই সংস্থাটির প্রধান উদ্দেশ্য।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি সপ্তাহে দুই হাজারেরও বেশি শিশু তাদের নিয়মিত ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেয়। কেবল প্রতিভা অন্বেষণই নয়, খেলাধুলার মাধ্যমে নিয়মানুবর্তিতা বৃদ্ধি, সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং শিশুদের স্কুলের শিক্ষায় মনোযোগী করে তোলাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ডুমিনির এমন উদ্যোগে আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।








































আপনার মতামত লিখুন :