পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে একটি ইঞ্জিনচালিত ট্রলারের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে গিয়েছিলেন। পিকনিক শেষে তারা একই ট্রলারে করে শৈলকুপায় ফিরছিলেন। পথে পদ্মা নদীর পাকশী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে তিনজন নদীতে পড়ে যান।
খবর পেয়ে ঈশ্বরদী নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে লিটন (৩৮) ও ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে রকি (২২) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে।
উদ্ধার হওয়া লিটন একই এলাকার বিদ্যুতের ছেলে। অপর উদ্ধার হওয়া ওয়াহাব কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হয়েছিলেন। নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেছেন। একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।







































আপনার মতামত লিখুন :