হ্যামস্ট্রিং চোটে পড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনহা। সেই চোট থেকে সেরে উঠতে দ্রুতই চিকিৎসাও নেবেন তিনি। বিশ্বকাপে পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে।
গতকাল শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল।
গতকাল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বের ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের দেখা পায় ব্রাজিল। সেই ম্যাচে ৪০ মিনিটে চোট পেয়ে মাঠেই প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে মাঠ ছাড়েন এই তারকা ফরোয়ার্ড। তার বলদি হিসেবে নামেন রায়ান।
ম্যাচের পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, ২৯ বছর বয়সী এই উইঙ্গার ডান উরুতে অস্বস্তি অনুভব করেছিলেন। পরে পরীক্ষায় চোট ধরা পড়লেও সেটি এতটা গুরুতর নয় যে তাকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে।
চোটে পড়লেও তাকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেয়নি সেলেসাওরা। তিনি দলের সঙ্গেই থাকবেন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন। এর আগে, রক্ষণভাগের খেলোয়াড় ওয়েসলি বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগেই বাদ পড়েছিলেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, যত দ্রুত সম্ভব তাকে স্বাভাবিক অনুশীলনে ফিরিয়ে আনতে বিশেষ চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি চালানো হবে।
এই চোট ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির জন্য নতুন দুশ্চিন্তা। তিনি ব্রাজিলকে ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।
তবে আনচেলত্তি সুখবরও দিয়েছেন। তিনি জানিয়েছেন, পায়ের পেশির চোটে প্রথম দুই ম্যাচ মিস করা নেইমার ব্রাজিলের পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুত থাকবেন।








































আপনার মতামত লিখুন :