ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

লক্ষ্মীপুরে জকসিন–যুগীরহাট সড়ক এখন মৃত্যুফাঁদ

ভোরের মালঞ্চ | মো: আলী হোসেন আগস্ট ১৫, ২০২৬, ০২:০৭ পিএম লক্ষ্মীপুরে জকসিন–যুগীরহাট সড়ক এখন মৃত্যুফাঁদ

লক্ষ্মীপুরে জকসিন–যুগীরহাট সড়ক এখন মৃত্যুফাঁদ: চরম দুর্ভোগে তিন ইউনিয়নের হাজারো মানুষ

আলি হোসেন, (লক্ষ্মীপুর) সদর

 

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার থেকে যুগীরহাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের অভাবে এখন এক বিপজ্জনক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন কোনো কার্যকর সংস্কার না থাকায় পুরো রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা ও জমে থাকা পানিতে তলিয়ে গিয়ে চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাহারকান্দিসহ পাশের অন্তত তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী এবং জরুরি রোগী বহনকারী যানবাহন প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে এখান দিয়ে চলাচল করছে। বর্ষা মৌসুমে এলাকার মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়।

 

এলাকাবাসীর দাবি, বছরের পর বছর ধরে সড়কটি স্থায়ীভাবে মেরামতের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এর ফলে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, নষ্ট হচ্ছে যানবাহন এবং তৈরি হচ্ছে তীব্র জনক্ষোভ।

 

স্থানীয়রা সতর্ক করে বলছেন, সাময়িক জোড়াতালির মেরামত নয়—জকসিন টু যুগীরহাট সড়কের দ্রুত টেকসই ও পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় ধরনের বড় কোনো দুর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। সড়কটির দ্রুত টেকসই সংস্কার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জরুরি হস্তক্ষেপ ও আশু পদক্ষেপ কামনা করেছেন চরম ভোগান্তিতে থাকা এলাকাবাসী।

Side banner