সৌদি আরবের দুই শহর তায়েফ ও ইয়ানবুতে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে এ নির্দেশনা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
সোমবার (২১ সেপ্টেম্বর) এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সৌদি আরবে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের এখন তায়েফ ও ইয়ানবু শহরে যেকোনো ধরনের সরকারি ও ব্যক্তিগত ভ্রমণের জন্য বিশেষ অনুমোদন নিতে হবে।
এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইয়েমেনভিত্তিক এই গোষ্ঠী ইরানের সমর্থনপুষ্ট বলে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবকে লক্ষ্য করে এসব হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের নতুন নির্দেশনার ফলে তায়েফ ও ইয়ানবুতে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ভ্রমণও আর স্বাভাবিকভাবে করা যাবে না। উভয় ধরনের ভ্রমণের ক্ষেত্রেই আগে বিশেষ অনুমোদন নিতে হবে।








































আপনার মতামত লিখুন :