ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে অন্তর হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত অন্তর হোসেন ওই গ্রামের উজ্জল হোসেনের ছেলে। মৃত অন্তর হোসেন দীর্ঘদিন ধরে সড়ক নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত।
পুলিশ ও মৃতের স্বজনরা জানান, রাতে অন্তর হোসেন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এ সময় ডান কানে তীব্র ব্যথা অনুভব করে সে। পরে মাকে ডাকলে তার মা তাকে নাপা ওষুধ খেতে দেন। কিন্তু কানের ব্যথা না কমায় রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়।
এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাত ৪ টার কিছু সময় পর মেডিকেল কলেজ হাসপাতালের গেটে পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় অন্তর হোসেন।
মৃত অন্তর হোসেনের চাচা সাকিব হোসেন বলেন, রাত ১টার দিকে তীব্র কানে ব্যথা নিয়ে অন্তরের ঘুম ভাঙে। আমরা প্রথমে বুঝতে পারিনি যে তাকে সাপে কামড় দিয়েছে। রাত আড়াইটার দিকে তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হই। রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাই। সেখানে অবস্থার অবনতি হলে তখনই তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হই। মেডিকেল কলেজ হাসপাতালের গেটে পৌঁছানোর পরপরই অ্যাম্বুলেন্সের ভেতরেই অন্তর মারা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :