ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বল প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৩:৩৯ পিএম বল প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সামরিক শক্তি বা চাপ প্রয়োগ করে কোনো জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার আগে এ মন্তব্য করেন তিনি।

 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়ে তিনি 'ইসলামিক রিপাবলিক অব ইরানের অবস্থান তুলে ধরবেন'।

 

যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পেজেশকিয়ান জানান, জাতিসংঘে তিনি ইরানি জনগণের অভিযোগ, সংঘটিত বিভিন্ন অপরাধ এবং তৈরি হওয়া অবিশ্বাসের বিষয়গুলো তুলে ধরবেন।

 

তিনি বলেন, 'আমরা বেশ কয়েকবার আলোচনার টেবিলে গিয়েছি এবং চুক্তিতে সই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুরো বিশ্ব দেখেছে, কীভাবে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং লিখিত চুক্তিগুলো লঙ্ঘন করা হয়েছে।'

 

ইরানের প্রেসিডেন্ট বলেন, 'শক্তি প্রয়োগ করে মানুষকে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। গাজা-ফিলিস্তিন-সিরিয়া-ইয়েমেন-ইরান এবং বিশ্বের অন্যান্য স্থানে যা ঘটছে, তা বাস্তবতার এমন কিছু চিত্র তুলে ধরছে, যা সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করছে।'

 

পেজেশকিয়ান অভিযোগ করেন, ইরানের বিরোধীরা দেশটিকে চাপে ফেলতে বিভিন্ন পথ বন্ধ করার চেষ্টা করছে।

 

তিনি বলেন, 'শত্রুরা যতটা সম্ভব পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, যাতে ইরানি জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যায়। সামরিক উপায়ে তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং এখন অন্য পথ ব্যবহার করার চেষ্টা করছে।'

 

তিনি আরও বলেন, 'তারা স্থল ও আকাশপথ বন্ধ করে দেয়, অভ্যন্তরীণ বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করে, গণমাধ্যম ও জাতিগত গোষ্ঠীগুলোকে ব্যবহার করে এবং আমাদের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করে, যাতে আমাদের আত্মসমর্পণে বাধ্য করা যায়।'

 

 

Side banner