বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছে। বর্তমানে নিম্নচাপটি পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এদিকে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।
এদিন ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য কয়েকটি বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পাঁচ দিন পর দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।































-20260915102135.jpeg)







আপনার মতামত লিখুন :