ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা

ভোরের মালঞ্চ | মুকিতুর রহমান নভেম্বর ২৭, ২০২৬, ০১:০৪ এএম নতুন মজুরি ঘোষণার পরও বন্ধ ৩৬০টি পোশাক কারখানা

নতুন মজুরি ঘোষণার পরও পোশাকশিল্প অধ্যুষিত গাজীপুর ও সাভারসহ বিভিন্ন এলাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ফেরেনি। চলমান শ্রমিক অসন্তোষের জেরে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৩৬০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, সার্বিক পরিস্থিতির আগের দুই দিনের তুলনায় কিছুটা উন্নতি হলেও তা এখনো যথেষ্ট নয়।

বিজিএমইএর পরিসংখ্যান বলছে, বন্ধ থাকা ৩৬০টি কারখানার মধ্যে শ্রমিকদের অসন্তোষ এবং বহিরাগত কিংবা অন্য কারখানার শ্রমিকদের আক্রমণের আশঙ্কায় ২১৩টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ ছাড়া ১৪৭টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হলে মালিকপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে পারে এবং বন্ধ থাকাকালীন সময়ে শ্রমিকেরা কোনো মজুরি পান না।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আগের দিনগুলোর তুলনায় কারখানা খোলার সংখ্যা সামান্য বেড়েছে। তবে এরপরও বৃহস্পতিবার বন্ধ কারখানার সংখ্যা ৩৫০টির বেশি ছিল।

তিনি আরও বলেন, ১৩(১) ধারার আওতায় বন্ধ থাকা কারখানাগুলো আগামী শনিবার নাগাদ খুলে দেওয়া হতে পারে। পাশাপাশি ধীরে ধীরে অন্যান্য কারখানার ক্ষেত্রেও পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিজিএমইএ সভাপতি।

Side banner