ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০১:৪৯ পিএম দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুক হামলা, নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। খবর বিবিসির। 

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে বন্দুকধারীরা ঢুকে ১৪ জনকে লক্ষ্য করে গুলি চালায়। 

 

 

পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহত ৪ জনকে হাসপাতালে নেওয়া হলে পরে একজন মারা যান।

 

পুলিশ আরও জানায়, নিহতদের কয়েকজন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের নজরদারিতে ছিলেন। তবে, তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে পারেনি তারা।  

 

 

 

এদিকে, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধের জের ধরে এই হামলা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

 

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৩ জন পুরুষ ও একজন নারী একটি বাড়িতে পার্টি করছিলেন। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনজন পুরুষ সেখানে এসে তাদের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে ওই নারীও রয়েছেন।

 

ঘটনাস্থলে থাকা স্থানীয় টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদক জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে নিহতদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে গাড়িটির পোড়া অবস্থা দেখা যায়।

 

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিয়ায় বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যার হার রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে ৬০ জনের বেশি মানুষ হত্যার শিকার হন।

 

গত কয়েক সপ্তাহে দেশটিতে অন্তত নয়জন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। এছাড়াও, গত বছর জোহানেসবার্গের একটি পানশালায় বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিলেন।

 

 

Side banner