চারদিকে শিশু নিখোঁজের বিভিন্ন খবরের মাঝেই এবার লক্ষ্মীপুরের রামগতিতে আরাফাত হোসেন শাহীন (১৩) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। নানা জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শাহীন কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামের আবুল বাশারের ছেলে এবং তোরাবগঞ্জ দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রামগতির চর পোড়াগাছা এলাকা থেকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জে অবস্থিত নিজ মাদ্রাসার উদ্দেশে রওনা দেয় শাহীন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে আজ বুধবার শিশুটির মা শাহিনুর বেগম রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের সদস্যরা জানান, হারিয়ে যাওয়ার সময় শাহীনের পরনে ছিল কালো রঙের একটি পাঞ্জাবি ও মাথায় টুপি। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। আত্মীয়স্বজন ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, শিশুটির মা তাকে মাদ্রাসায় পৌঁছে দেননি, মাঝপথ থেকে সে নিখোঁজ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পড়াশোনার ভীতি বা অন্য কোনো কারণে সে স্বেচ্ছায় কোথাও গিয়ে থাকতে পারে। এ ঘটনায় জিডি করা হয়েছে এবং পুলিশ শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
































-6aae42ac9a0a5-20260919084337.jpg)







আপনার মতামত লিখুন :