মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাকে উৎসাহ দিতে আয়োজিত জাতীয় পর্যায়ের 'স্টার্ট-আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং' এর বিজয়ীদের হাতে আগামীকাল সোমবার (২৯ জুন) পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়াধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম এর আওতায় এই আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল প্রতিপাদ্য 'মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।' আগামীকাল ‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ জাতীয় পর্যায়ের শোকেসিং প্রোগ্রাম আয়োজিত হতে যাচ্ছে। জাতীয় পর্যায়ে জেলার ও মহানগর পর্যায়ের সেরা ১০০ দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করবে। এরপর দুপুর ২ টায় জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের কথা রয়েছে। জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি একে 'পুরস্কার বিতরণী অনুষ্ঠান' থেকে রূপান্তর করে দেশের"ভবিষ্যৎ অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিপ্লবের একটি ঐতিহাসিক মাইলফলকে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই প্রোগ্রাম বাস্তবায়ন করা হচ্ছে, প্রতি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক রয়েছেন। গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগরীর শিক্ষা থানায় সফলভাবে এই শোকেজিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে ৮০২৯ টি দলে মোট ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬,০৫৮ শিক্ষক অংশগ্রহণ করেছে।
উপজেলার বাছাইকৃত ৫৪৬ টি দল গত ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন করেছে। সেদিন বি এ এফ শাহীন কলেজে মিলনায়তনে ঢাকা জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ক্ষুদে উদ্ভাবকদের অনুপ্রেরণা প্রদান করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
প্রদর্শনকৃত দলের মধ্য থেকে সেরা 10 দলকে ট্রফি প্রদান করা হবে। প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে 'সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার' এবং শিক্ষার্থীদের মধ্য থেকে 'উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার' প্রদান করা হবে। 'সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার' এর জন্য মনোনীত শিক্ষকগণ পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা ও একটি সনদপত্র পাবেন। এছাড়া, 'উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার' এর জন্য মনোনীত শিক্ষার্থীরা পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা ও একটি সনদপত্র পাবে।
এছাড়াও একই ভেনুতে কাল প্রধানমন্ত্রীর মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৯৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮৯০৭টি বিদ্যালয়, ১৪৪৬টি স্কুল এন্ড কলেজ এবং ৯২৬৮টি মাদ্রাসা রয়েছে।








































আপনার মতামত লিখুন :