ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামগতিতে ৫ হাজারের বেশি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ভোরের মালঞ্চ | মিশু সাহা নিক্কন মে ২২, ২০২৬, ০৬:৫২ পিএম রামগতিতে ৫ হাজারের বেশি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ১৯৮৫ সালের ১লা অক্টোবর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে টানা ৪১ বছর ধরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত ও দুর্যোগকবলিত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউএসএআইডি’র “এসো শিখি” প্রকল্পের আওতায় কোডেক আলেকজান্ডার শাখার উদ্যোগে রামগতি উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৫ হাজার ৫৮৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল প্রতিটি শিক্ষার্থীর জন্য ২টি করে বাংলা, ইংরেজি ও গণিত খাতা, ইরেজার এবং রং পেন্সিল। এছাড়াও দক্ষিণ পশ্চিম আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান এবং রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান।

 

এছাড়া কোডেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল ব্যবস্থাপক আ. মান্নান মোল্লা, এলাকা ব্যবস্থাপক মো. মাহবুব আলম (রামগতি এলাকা) এবং শাখা ব্যবস্থাপক নার্গিস আক্তার (আলেকজান্ডার শাখা)। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কোডেক দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। তাদের এই মহৎ উদ্যোগের জন্য অতিথিরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Side banner