ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
যৌথ বাহিনীর অভিযানে

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:০২ পিএম লক্ষ্মীপুরে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবুল কালাম। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এই অভিযানে আবুল কালামকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং পুলিশের একটি টিম যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর রাহাত খান। অভিযানের সময় আবুল কালামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক শটার এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনের মধ্যে দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন রয়েছে।


যৌথ বাহিনী জানায়, অভিযানের পুরো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধার করা আলামতসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আবুল কালাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর