জাতীয় সংসদে গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে তাকে এবং তার দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা।
শুক্রবার (২৮ আগস্ট) দিনগত মধ্যরাতে শহরে আকস্মিক এ কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শহরের কান্দিপাড়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে জড়ো হন বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ‘বয়কট হাসনাত আবদুল্লাহ’, ‘বয়কট, বয়কট, এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। ‘শাহবাগীর ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগানও দিতে শোনা যায়।
বিক্ষোভকারীরা দাবি করেন, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্য স্থানীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্যের নেতারা বলেন, দাবি মেনে না নিলে এনসিপির কর্মসূচি বর্জন ও প্রতিহতের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
এদিকে, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারজিস আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।








































আপনার মতামত লিখুন :