প্রেম ভাঙা কিংবা দাম্পত্য জীবনের বিচ্ছেদের মতো ঘটনা মানুষের মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ব্যক্তিজীবনের এমন মানসিক ঝড় অনেক সময় কর্মক্ষেত্রেও প্রভাব ফেলে, কমে যায় কর্মীদের মনোযোগ ও উৎপাদনশীলতা।
কর্মীদের এমন মনস্তাত্ত্বিক সংকট কাটিয়ে উঠতে সময় দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারতের বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান স্টকগ্রো। ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানটি চালু করেছে ‘ব্রেকআপ লিভ’ বা বিচ্ছেদকালীন ছুটির ব্যবস্থা।
প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী, প্রেমের সম্পর্ক ভেঙে গেলে কিংবা বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটলে কর্মীরা একটানা ৭ দিনের বেতনসহ ছুটি নিতে পারবেন।
সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো, এই ছুটি নিতে কর্মীদের বিচ্ছেদের পক্ষে কোনো ধরনের কাগজপত্র বা প্রমাণ জমা দিতে হবে না। কর্মী মানসিকভাবে কঠিন সময় পার করছেন প্রতিষ্ঠানকে শুধু এটুকু জানালেই তিনি এই ছুটির জন্য আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেনের মতে, এটি কেবল একটি ছুটির ঘোষণা নয়; বরং কর্মীদের মানসিক স্বাস্থ্য ও আবেগীয় চাহিদাকে গুরুত্ব দেওয়ার একটি মানবিক উদ্যোগ।
তাদের মতে, ব্যক্তিগত জীবনের কঠিন সময় থেকে সাময়িক বিরতি কর্মীদের মানসিক ক্লান্তি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। পাশাপাশি প্রয়োজনীয় সময় নিয়ে তারা নতুন উদ্যম ও কর্মক্ষমতা নিয়ে আবারও কর্মক্ষেত্রে ফিরতে পারবেন।
মানসিক স্বাস্থ্যকে কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে এমন উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্যও উদাহরণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।








































আপনার মতামত লিখুন :