টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি জেলাকেই দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক যানজটের পাশাপাশি স্বাভাবিক জনজীবনও ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায়, দ্রুত পদক্ষেপ নিতে, গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর), দুর্যোগ ঘোষণা-সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।
গভর্নর জানান, বন্যার কারণে সড়কে যানবাহনের চাপ কমাতে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংককের সব স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি, সরকারি কর্মীদের সম্ভব হলে বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দুর্যোগকবলিত ঘোষণা করায় ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ), অন্যান্য সরকারি সংস্থা এবং স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও দ্রুত ও সমন্বিতভাবে কাজ করতে পারবে।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন করে পানি জমছে। ফলে বন্যাকবলিত সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং নগরীর স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে ব্যাপক বিঘ্ন।
ব্যাংককের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুধু ব্যাংকক নয়, পাশের পাতুম থানি প্রদেশেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় রাংসিত পৌর এলাকাকে জরুরি দুর্যোগকবলিত অঞ্চল ঘোষণা করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :